লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার সকাল ৫টায় তারা ঢাকায় পৌঁছান।
ফেরত আসা ১৭৪ জনের মধ্যে ১১১ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে এবং ৬৩ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। রাষ্ট্রদূত এই প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রত্যাবাসনকালে রাষ্ট্রদূত অভিবাসীদের প্রি-ডিপার্চার ব্রিফিং প্রদান করেন। তিনি তাদের অভিজ্ঞতার কথা শোনেন এবং দেশে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান। এ সময় তিনি অনিয়মিত অভিবাসনের ফলে সৃষ্ট দুর্ভোগ, আর্থিক ও মানসিক ক্ষতির দিকগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে নিয়মিত ও বৈধ পথে বিদেশ গমনের গুরুত্বারোপ করেন।
এছাড়া, মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও তিনি প্রত্যাবাসিতদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!