সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন তারা।
মঙ্গলবার (৭ জুলাই) দিয়াগত রাত সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আশরাফ উদ্দিন মাহাদি এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ।
এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!