গুলশান-২ আবাসিক এলাকায় পরিত্যক্ত সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালত এই আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলাটিতে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হলো।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন। গুলশান আবাসিক এলাকার ১০৪ নম্বর সড়কের ২৭ কাঠা আয়তনের সরকারি পরিত্যক্ত সম্পত্তিটি অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র তৈরি করে হস্তান্তর ও নামজারি অনুমোদন করেন। এর মাধ্যমে তারা সরকারি সম্পত্তি আত্মসাতের পথ তৈরি করেন।
সালাম মুর্শেদী ছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন, রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক। রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান। কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও মীর মো. নুরুল আফছারসহ মোট ১৩ জন।
সোমবারের শুনানিতে সালাম মুর্শেদীসহ কারাবন্দি আসামিদের আদালতে হাজির করা হয় এবং জামিনে থাকা আসামিরা হাজিরা দেন। আসামিপক্ষের আইনজীবীরা মামলা থেকে তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন, তবে আদালত তা নাকচ করে অভিযোগ গঠন করেন। আগামী ১৯ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুদক। দীর্ঘ তদন্ত শেষে গত ৩১ ডিসেম্বর সালাম মুর্শেদীসহ ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ১ অক্টোবর থেকে সালাম মুর্শেদী কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!