দেশের ডিজিটাল প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় খুদে কনটেন্ট ক্রিয়েটর সুজানা চৌধুরী অর্জন করেছে দারুণ এক স্বীকৃতি। ‘দ্য মার্ভেল – বি ইউ’-এর উদ্যোগে আয়োজিত ‘মেরিল প্রেজেন্টস মার্ভেল অব টুমোরো ইনফ্লুয়েন্সার ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘ইন্সপায়ারিং চিলড্রেন’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে সে। সুজানার জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মটি পরিচিত ‘সুজানা দ্য আনস্টপেবল’ নামে।
মাত্র চার বছর বয়স থেকে বাবা আরজে উদয়ের অনুপ্রেরণায় কনটেন্ট তৈরির জগতে পা রাখে সুজানা। বর্তমানে নয় বছর বয়সী এই শিশু নিজের সহজ-স্বাভাবিক ও মজার ভিডিওর মাধ্যমে খুব অল্প সময়েই লাখো দর্শকের ভালোবাসা জয় করে নিয়েছে। তার কনটেন্টগুলো মূলত শিশুদের জন্য ইতিবাচক, শিক্ষণীয় ও আনন্দঘন বার্তা বহন করে।
ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই খুদে ইনফ্লুয়েন্সার ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এখন পর্যন্ত প্রাণ-আরএফএল, গ্রামীণফোন, বিকাশ, নগদ, মজারু, হইচই, আকিজ, গাড়িবুক এবং ইউনিলিভারসহ ১০০টিরও বেশি দেশি-বিদেশি নামী প্রতিষ্ঠানের সঙ্গে সফলভাবে কাজ করেছে সুজানা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের মাঝে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া এবং সৃজনশীল প্রতিভার বিকাশে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সুজানাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
সুজানার এই সাফল্য কেবল তার নিজের অর্জনেই সীমাবদ্ধ নয়, বরং দেশের আরও অনেক শিশুকে আত্মবিশ্বাসী ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে অনন্য প্রেরণা হিসেবে কাজ করছে। তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, সুজানার এই পথচলা ভবিষ্যতে আরও বিস্তৃত ও প্রভাবশালী হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!