যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ‘ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট’ (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশীদারিত্ব আরও জোরদার করার পাশাপাশি হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ দ্রুতকরণ এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা কার্যক্রমে ডিওএস-এর ধারাবাহিক সহায়তার জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মিশন এলাকায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও ব্যাপকভাবে বাড়াতে বাংলাদেশ কাজ করতে আগ্রহী। এছাড়া, তিনি মিশন এলাকায় নারী শান্তিরক্ষীদের জন্য অধিকতর নিরাপদ ও নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
হাইতির অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ অত্যন্ত আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি বিশেষায়িত ‘ফর্মড পুলিশ ইউনিট’ (এফপিইউ) মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মন্ত্রী জানান। এই ইউনিটগুলো সোয়াত, র্যাপিড রেসপন্স, ফরেনসিক, সাইবার ক্রাইম তদন্ত এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ পারদর্শী।
মন্ত্রী এ বিষয়ে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন এবং আগামী ১৫-১৭ জুলাই ২০২৬ তারিখে এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ পুলিশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের জাতিসংঘ সফরের কথা জানান।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা স্বীকার করে, হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ মন্ত্রীর সব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!