চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা ২ নম্বর ওয়ার্ড পাগলিরবিল এলাকার নুরুল ইসলামের ছেলে ও বাস চালক মোহাম্মদ আলী (২৫) এবং পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ৮ মাস বয়সী শিশুসন্তান মোহাম্মদ ইয়াহি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মেদাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার অভিমুখী ‘চকরিয়া সার্ভিস পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘এভারগ্রীন পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও শিশুর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল ও চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। উদ্ধার শেষে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান জানান, "মেদাকচ্ছপিয়া এলাকার সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক বাস চালক ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"