কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত রেশমী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উখিয়ার হাজিরপাড়া এলাকায় মাদককারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ৬ জুলাই (সোমবার) র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা একটি প্লাস্টিকের ড্রাম ফেলে পালানোর চেষ্টা করলে রেশমীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ওই ড্রাম তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

র‍্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত রেশমী ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।