দেশের ক্রীড়া অবকাঠামোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ২০১টি উপজেলায় নতুন উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিস পরিচালনার জন্য রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে মোট ৬০৩টি নতুন পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা আদেশে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৃজনকৃত ৬০৩টি পদের মধ্যে প্রতিটি উপজেলায় তিনজন করে জনবল থাকবে, উপজেলা ক্রীড়া অফিসার: ২০১টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২০১টি, অফিস সহায়ক: ২০১টি,
প্রথম ধাপে নির্মিত ১৬৭টি স্টেডিয়াম এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন ৩৪টি স্টেডিয়ামের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই এই জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা পর্যায়ে পৃথক ক্রীড়া অফিস চালু হলে স্থানীয় ক্রীড়া সংগঠনের কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে, স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণ সহজতর হবে এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত হবে।
এই অনুমোদনের ক্ষেত্রে অর্থ বিভাগ আটটি বিশেষ শর্ত দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ। অর্থ বিভাগের নির্ধারিত কোড অনুযায়ী ব্যয় নির্বাহ করা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত শর্ত যথাযথভাবে অনুসরণ। দ্বিতীয় ধাপে নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর কাজ শেষ হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট পদে নিয়োগ বা পদায়ন সম্পন্ন করা। যেসকল পদের জন্য এখনো নিয়োগবিধি প্রণয়ন হয়নি, তা দ্রুত সম্পন্ন করা এবং জনবল কাঠামো (টিওঅ্যান্ডই) হালনাগাদ করে অর্থ বিভাগে পাঠানো।
এই নতুন পদ সৃষ্টির মাধ্যমে দীর্ঘদিনের জনবল সংকটের অবসান ঘটবে এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!