বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিশর। হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখল মিশরীয় ক্যাম্প। রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী মিশর স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা মেসিদের ভয় পায় না।
মিশরীয় দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান বলেন, “আমরা মেসিকে নিয়ে ভাবছি না। দলের ছেলেদের বলেছি, মাঠে নেমে নিজেদের খেলাটা খেলো। ওদের দলে মেসি থাকতে পারে, কিন্তু আমাদের দলে সালাহ্ আছে। সে যে কোনো প্রতিপক্ষকে একাই শেষ করে দিতে পারে। আমাদের দলে ২৬ জন মেসি আছে!” প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ও চারবারের সোনার বুটজয়ী মোহাম্মদ সালাহর ওপরই মূলত বাজি ধরছেন তিনি।
নিজের ক্যারিয়ারের সম্ভবত শেষ বিশ্বকাপ খেলছেন মোহামেদ সালাহ্। এই ম্যাচটিকে তিনি নিজের ফুটবল ক্যারিয়ারের ‘সবচেয়ে বড় ম্যাচ’ হিসেবে অভিহিত করেছেন। সালাহ্ বলেন, “আমি জানি না এটা আমার শেষ বিশ্বকাপ কি না। তাই প্রতিটি ম্যাচকেই আমি ফাইনাল মনে করে খেলছি।”
প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মিশর বেশ কঠিন দল। ভালো ফুটবল খেলেছে বলেই তারা এত দূর এসেছে। আমাদের সামনে আরও একটি কঠিন লড়াই।”
দলের কৌশল নিয়ে স্কালোনি বলেন, “আমরা আগের চার ম্যাচে জিতেছি, তবে রক্ষণের সময় গতির অভাব ছিল। মিশরের বিপক্ষে সেই ভুল সংশোধন করতে হবে। আমরা রক্ষণভাগে আরও গতিশীল ফুটবল দেখতে চাই।” দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি জানান, যারা এতদিন খেলার সুযোগ পাননি, এমন কয়েকজন তরতাজা খেলোয়াড়কে আজকের ম্যাচে দেখা যেতে পারে।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বিশ্ব দেখবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দুর্দান্ত ফর্মে থাকা সালাহর মিশরের এক হাড্ডাহাড্ডি ফুটবল যুদ্ধ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!