নাটোরের বাগাতিপাড়ায় খরিফ ২০২৬-২০২৭ মৌসুমে তুলা চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় মঙ্গলবার (৭ জুলাই) দয়ারামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব দেবাশীষ বসাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়। তুলা উন্নয়ন বোর্ডের রাজশাহী জোনের তুলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বক্তারা তুলার উৎপাদন বৃদ্ধিতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির ওপর আলোকপাত করেন। তারা বলেন, “দেশে তুলার উৎপাদন বাড়লে আমদানিনির্ভরতা কমবে এবং কৃষকদের আয় বৃদ্ধি পাবে। উন্নত জাতের তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার নিয়মিত কৃষি উপকরণ ও কারিগরি সহায়তা প্রদান করছে।” তুলা চাষে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে তুলা চাষে আগ্রহী কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় তুলা উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ বাগাতিপাড়ার স্থানীয় কৃষকদের তুলা চাষে আরও আগ্রহী করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!