দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এই সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর এই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশের শ্রমবাজারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করা হবে।
এর আগে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি (বিশেষ করে সিলেটি প্রবাসীদের) অবদান, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে দুই দেশ নিবিড়ভাবে কাজ করছে।” তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারত্বকে আরও গতিশীল করবে।
সৌজন্য সাক্ষাতের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!