আগামী ১৫ জুন দ্বিতীয় ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে নিজেদের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (৮ জুন) বিকেল ৩টা ৫৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির শীর্ষ নেতা সারজিস আলম।

সারজিস আলম এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, "জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আগামী ১৫ জুন দ্বিতীয় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হবে।"

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১০ মে প্রথম ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল এনসিপি। প্রথম ধাপের তালিকায় ৩৩টি পৌরসভার মেয়র এবং ৬৭টি উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী ছিল। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও যোগ্য, সৎ ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য প্রার্থীদের প্রাধান্য দিয়ে এই তালিকা চূড়ান্ত করার কাজ চলছে, যা আগামী ১৫ জুন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।