ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসব আয়োজন নিশ্চিত করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ধামরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, রথমেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা রথযাত্রা ও রথমেলাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জরুরি সেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উৎসব চলাকালে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার, প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, আয়োজক কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় এবারের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!