রাষ্ট্রায়ত্ত খাতের ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর শীর্ষ দুই পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদার।

আজ সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী শায়রুল হাসান এবং এমডি ও সিইও পদে আবেদুর রহমান সিকদারকে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, ব্যাংকটিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে এই দুই শীর্ষ কর্মকর্তাকে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) গ্রহণ করতে হবে।

ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা ও সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে গতিশীলতা বাড়াতে সরকারের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।