ইরানের পবিত্র শহর মাশহাদে মার্কিন হামলায় তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি (IRIB) এ তথ্য নিশ্চিত করেছে। মাশহাদেই দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজার অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় রেলওয়ে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে। ইসলামিক রিপাবলিক রেলওয়ের মুখপাত্র তাসনিম নিউজকে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির ফলে রাজধানী তেহরান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের মধ্যকার ব্যস্ততম এই রেলরুটটি বর্তমানে অচল হয়ে পড়েছে। দ্রুত রুটটি মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন, ‘গত রাতে আমরা ইরানে খুব কঠোরভাবে হামলা চালিয়েছি। আজ রাতেও তাদের ওপর ভয়াবহ হামলা চালানো হতে পারে।’
এদিকে, আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহবাহী মাহান এয়ারের একটি বিমান মাশহাদ বিমানবন্দরে অবতরণ করেছে। খামেনির জন্মশহর মাশহাদে তার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মাশহাদের ইমাম রেজার মাজারের কাছে দাফন করা হবে।
এর আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, যেখানে লাখো মানুষ অংশ নেন। গত ছয় দিন ধরে ইরান ও ইরাকজুড়ে খামেনির মৃত্যুতে শোকানুষ্ঠান চলছে। নাজাফ থেকে মাশহাদে মরদেহ স্থানান্তরের মধ্য দিয়ে সেই কর্মসূচির শেষ পর্ব সম্পন্ন হচ্ছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!