প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ১৭৯ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকার পরিবর্তনের পর এটিই প্রশাসনে প্রথম বড় ধরনের পদোন্নতি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তবে নতুন যুগ্ম-সচিবদের পদায়ন করে এখনো কোনো আদেশ জারি করা হয়নি। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলের (sa1@mopa.gov.bd) মাধ্যমে জমা দিতে পারবেন।
মূলত বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে প্রাধান্য দিয়ে এই পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তারাও এই তালিকায় স্থান পেয়েছেন। এদিন পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আরও ৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে একদিনেই যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেলেন মোট ১৮৬ জন। এই পদোন্নতির ফলে বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জনে।
‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনা করা হয়। নীতিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা উপসচিব পদে ৩ বছরসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তারা এই পদের জন্য বিবেচিত হন।
পদোন্নতির আদেশে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ তথ্য পাওয়া যায়, তবে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!