বয়স যেন তাঁর কাছে কেবলই একটি সংখ্যা। আমেরিকান কিংবদন্তি অভিনেতা জন লিথগো ক্যালেন্ডারের পাতা অনুযায়ী জীবনের ৮০ বসন্ত পার করেছেন। আর এই বয়সেই মঞ্চনাটকের অস্কার খ্যাত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘টনি অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন তিনি।

রবিবার (৭ জুন) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টনি অ্যাওয়ার্ডসের ৭৯তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। এবার ‘জায়ান্ট’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জন লিথগো। আর এই জয়ের মধ্য দিয়ে তিনি মঞ্চপাড়ায় দুটি অনন্য রেকর্ড নিজের নামে করে নিয়েছেন।

টনি অ্যাওয়ার্ডসের ইতিহাসে জন লিথগোই এখন সবচেয়ে বেশি বয়সে সেরা অভিনেতার পুরস্কার জেতা ব্যক্তিত্ব। ৮০ বছর বয়সে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন রয় ডট্রাইস; ২০০০ সালে ‘আ মুন ফর দ্য মিসবিগটেন’ নাটকের জন্য ৭৭ বছর বয়সে পুরস্কার জিতেছিলেন তিনি। দীর্ঘ ২৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন লিথগো।

এখানেই শেষ নয়, এই জয়ের মাধ্যমে আরেকটি অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন জন। অভিনয়ে তিনি তাঁর ক্যারিয়ারের প্রথম টনি পুরস্কার জিতেছিলেন আজ থেকে ঠিক ৫৩ বছর আগে, ১৯৭৩ সালে। এবার পেলেন দ্বিতীয়টি। এর ফলে প্রথম ও শেষ পুরস্কার জয়ের মাঝে সর্বোচ্চ দীর্ঘতম ব্যবধানের রেকর্ডও এখন তাঁর দখলে। এটি তাঁর ক্যারিয়ারের সামগ্রিক তৃতীয় টনি পুরস্কার।

পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত কণ্ঠে জন লিথগো বলেন, "আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান অভিনেতা মনে করি। এটি আমার তৃতীয় টনি অ্যাওয়ার্ড। প্রথমটি পেয়েছিলাম ৫৩ বছর আগে, ব্রডওয়েতে আমার অভিষেকের সময়। মজার বিষয় হলো, সেই ইংরেজি নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটারে, ঠিক যেমন ‘জায়ান্ট’-এর হয়েছে। দুই প্রান্তে দুটি টনি, আর মাঝখানে ৫৩ বছরের এক দীর্ঘ যাত্রা। এই সময়ে আমি শত শত অসাধারণ থিয়েটার শিল্পীর সঙ্গে কাজ করেছি, মঞ্চে অসংখ্য আনন্দময় মুহূর্ত কাটিয়েছি। কিন্তু আজকের এই মুহূর্তটি নিঃসন্দেহে আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।"

এবারের ৭৯তম টনি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘ডেথ অব আ সেলসম্যান’, যার মধ্যে রয়েছে ‘বেস্ট রিভাইভাল অব আ প্লে’র মতো মর্যাদাপূর্ণ ক্যাটাগরি। এছাড়া এ বছর সেরা মঞ্চনাটক (বেস্ট প্লে) নির্বাচিত হয়েছে ‘লিবারেশন’ এবং সেরা মিউজিক্যালের পুরস্কার লুফে নিয়েছে ‘স্মিগাডন’।