দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ‘বিএনপি মিডিয়া সেল’-এর নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে দলীয় নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার (৮ জুন) সকালে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কিছু কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে সম্পূর্ণ ভুয়া ও অননুমোদিত কমিটি ঘোষণা এবং তা প্রচারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। এর পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির মিডিয়া সেলের নাম ব্যবহার করে বেশ কিছু ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সক্রিয় রয়েছে, যা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়, ‘বিএনপি মিডিয়া সেল’-এর কেবল একটিই কেন্দ্রীয় কমিটি রয়েছে। এর বাইরে সারা দেশে জেলা, উপজেলা কিংবা মহানগর পর্যায়ে এই নামে অন্য কোনো কমিটি গঠন করা হয়নি এবং দেওয়ার কোনো সাংগঠনিক সুযোগও নেই। ফলে যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত জেলা কমিটি হিসেবে দাবি করছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় বিএনপি মিডিয়া সেলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা বা বৈধতা নেই।
এতে আরও বলা হয়, দলের নির্দেশ অমান্য করে যারা এই ধরনের অননুমোদিত ও ভুয়া কমিটি গঠন ও প্রচারের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা এবং দলের শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ আনা হবে।
নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের এই ধরনের বিভ্রান্তিকর তথ্য, ভুয়া তালিকা এবং সোশ্যাল মিডিয়ার ভুয়া পেজ থেকে পুরোপুরি সতর্ক ও দূরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!