সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করে সংসদ সচিবালয় জানায়, ১৯৩১ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণকারী এই বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ আইন পেশায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অত্যন্ত সফলতার সঙ্গে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি গৃহায়ণ ও গণপূর্ত, পররাষ্ট্র, ভূমি, শিক্ষা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সফলভাবে পালন করেছেন।
লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রিধারী এই প্রথিতযশা ব্যক্তিত্ব বাংলাদেশের সংবিধান ও আইনশাস্ত্রের অন্যতম বিশেষজ্ঞ হিসেবে দেশজুড়ে সমাদৃত ছিলেন। রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!