মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে সরকারি চাকরির বাইরে (উন্মুক্ত বাজার) থেকে রাজনৈতিক কোটায় অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তাদের ফিক্সড বা নির্ধারিত মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।
এর আগে তাঁরা ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর নবম গ্রেডের প্রারম্ভিক ধাপ অনুযায়ী ২২ হাজার টাকা মূল বেতন পেতেন। সেই হিসাবে তাঁদের মূল বেতন একলাফে ১০ হাজার ৫৪০ টাকা বাড়লো।
সম্প্রতি এই বেতন নির্ধারণের বিষয়টি অনুমোদন দিয়ে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত ও নির্দেশনা জানতে চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, "জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের (পিএস) মূল বেতন শর্তসাপেক্ষে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর নবম গ্রেডের অষ্টম ধাপে (৩২,৫৪০ টাকা) নির্ধারণে সম্মতি প্রদান করা হলো।"
অর্থ বিভাগ এই বেতন নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলো হলো:
নির্ধারিত মূল বেতন: নতুন নির্ধারিত ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতনটি ফিক্সড বা সুনির্দিষ্ট থাকবে। তাঁদের ক্ষেত্রে কোনো প্রকার বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রযোজ্য হবে না।
ভাতা সুবিধা: মূল বেতন নির্ধারিত হলেও তাঁরা সরকারি বিধি মোতাবেক প্রযোজ্য অন্যান্য সকল প্রকার ভাতাদি (যেমন- বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি) যথানিয়মে পাবেন।
পেনশন ও তহবিল: যেহেতু এই নিয়োগগুলো সম্পূর্ণ অস্থায়ী, তাই চাকরি শেষে তাঁরা কোনো প্রকার পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) এবং ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না।
অর্থ বিভাগ তাদের মতামতে সুনির্দিষ্টভাবে স্পষ্ট করেছে যে, এই নতুন বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে (বেসরকারি বা রাজনৈতিক কোটায়) নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। প্রেষণে বা সরকারি চাকরি থেকে আসা কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!