মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা যদি স্বেচ্ছায় ফেরার পরিকল্পনাও করেন, তবুও আইনি প্রক্রিয়ার বাইরে তার আত্মসমর্পণের সুযোগ নেই। তিনি বলেন, “তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তবে নিজে থেকে তার আসার সুযোগ নেই। হয় প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন) আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করা হবে।”
আমিনুল ইসলাম আরও বলেন, “আমাদের দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন পাওয়ার নজির নেই। যদি তাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় বা পাওয়া যায়, তবে সংগত কারণেই তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না, তা পরবর্তী আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।”
উল্লেখ্য, সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। তার এই বক্তব্যের প্রেক্ষিতে চিফ প্রসিকিউটর আজ এ অবস্থান পরিষ্কার করলেন। তিনি জানান, সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!