ব্যাংকিং খাতের পাশাপাশি শিল্প ও বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে গত তিন দশকেরও বেশি সময় ধরে অবদান রেখে আসছেন ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। শিপ রিসাইক্লিং, লজিস্টিকস, রিয়েল এস্টেট, চা শিল্প ও বীমাসহ নানা খাতে তার বহুমুখী বিনিয়োগ রয়েছে। সম্প্রতি তাকে ঘিরে ছড়ানো কিছু বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই বিশিষ্ট ব্যবসায়ী।
আইন ও স্বচ্ছতায় অটল নিজের ব্যবসায়িক স্বচ্ছতা নিয়ে শওকত আলী চৌধুরী বলেন, "আমি সবসময় বিশ্বাস করি, সফলতার মূল ভিত্তি হলো সততা ও আইন মেনে চলা। দীর্ঘ কয়েক দশকের ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রেই আমি দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করেছি। দেশে-বিদেশে আমার বৈধ ব্যবসায়িক কার্যক্রমের সব তথ্য কর্তৃপক্ষের কাছে নিয়মিত দাখিল করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রযোজ্য কর পরিশোধ করা হয়েছে।"
অপপ্রচারের নিন্দা ও সত্য অনুসন্ধানের আহ্বান সম্প্রতি তাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তাতে গভীর মর্মাহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, "ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ভিত্তিহীন তথ্যের পরিবর্তে যাচাই করা প্রকৃত সত্য প্রকাশের জন্য আমি সবার প্রতি আহ্বান জানাই।"
টানা ১১ বছরের সর্বোচ্চ করদাতা তার ব্যবসায়িক সহযোগীরা জানিয়েছেন, শওকত আলী চৌধুরী দীর্ঘকাল ধরে নিয়মিত কর পরিশোধ করে আসছেন এবং টানা ১১ বার সর্বোচ্চ করদাতা হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছেন। তারা বলছেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সুনাম নষ্ট করতে মরিয়া, যার কোনো বাস্তব ভিত্তি নেই।
ব্যাংকিং ও অর্থনৈতিক অবদান ১৯৯৩ সাল থেকে ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে থাকা শওকত আলী চৌধুরী ১৯৯৩ সালে ব্যাংকটির প্রতিষ্ঠাতাদের একজন। বর্তমানে চেয়ারম্যান হিসেবে তিনি ইবিএলের করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও ডিজিটাল ব্যাংকিং প্রসারে নেতৃত্ব দিচ্ছেন।
নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, "দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসনভিত্তিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা জরুরি। একজন উদ্যোক্তা হিসেবে আমি সেই লক্ষ্যেই কাজ করছি এবং ভবিষ্যতেও দেশের আইন মেনে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!