আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে যুক্তরাষ্ট্র এই প্রণালির ‘অভিভাবক’ হিসেবে কাজ করবে এবং নিরাপত্তার অজুহাতে এখান দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করা হবে বলে তিনি জানিয়েছেন।
প্রেসিডেন্টের ঘোষণা সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রথম এই পরিকল্পনার কথা জানান। পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “হরমুজ প্রণালি খোলা আছে এবং থাকবে। এখন থেকে এই জলপথের নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের দায়ভার যুক্তরাষ্ট্রের। এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে পণ্যবাহী জাহাজগুলোর ওপর ২০ শতাংশ টোল ধার্য করা হবে।”
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এছাড়া ইরানের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে ট্রাম্প ঘোষণা করেন যে, “ইরানের কোনো জাহাজ বা তাদের কোনো গ্রাহক এখন থেকে হরমুজ প্রণালি ব্যবহার করে প্রবেশ বা নির্গমন করতে পারবে না। তবে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য এটি খোলা থাকবে।”
সংঘাতের প্রেক্ষাপট যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু এই হরমুজ প্রণালি। গত ১৭ জুন ইসলামাবাদ শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও, ৫ জুলাই হরমুজে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার পর দুই দেশের উত্তেজনা নতুন করে তুঙ্গে ওঠে। ইরান আগে থেকেই এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছিল। ইসলামাবাদের সমঝোতা চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই ইরান এই উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিল।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা অঞ্চলটির ভূ-রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইরানের স্বার্থ ক্ষুণ্ন করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ করিডোরে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠার এই উদ্যোগ চলমান সংঘাতকে আরও জটিল করে তুলল।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!