ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে আটক হওয়া ৯১ জন বাংলাদেশি জেলে দীর্ঘ প্রতীক্ষা শেষে দেশে ফিরেছেন। চারটি ফিশিং বোটসহ (মাছ ধরার নৌকা) ফেরত আনা এই জেলেদের আইনি প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের নির্ভরযোগ্য সূত্র জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর (২০২৫) এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি (২০২৬) ভারতীয় কোস্ট গার্ড পৃথক অভিযানে চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ এই ৯১ জন জেলেকে আটক করেছিল।

পরবর্তীতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জোরালো কূটনৈতিক তৎপরতা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক দ্বিপাক্ষিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও বোটগুলো দ্রুত দেশে ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সিদ্ধান্ত মোতাবেক, গতকাল রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখায় (IMBL) উভয় দেশের কোস্ট গার্ডের উপস্থিতিতে এক ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ৯১ জন বাংলাদেশি জেলে ও চারটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।

এরপর আজ সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় এনে জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ কয়েকমাস পর স্বজনদের ফিরে পেয়ে জেলেদের পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক গভীর সহযোগিতা এবং সমন্বয়ের ফলেই এই প্রত্যাবর্তন কার্যক্রম অত্যন্ত দ্রুত ও সহজতর উপায়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে। বাংলাদেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের মানবিক ও পেশাদার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।