বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া, ত্রুটিপূর্ণ প্রশ্নপত্র এবং ব্যবস্থাপনা ত্রুটির অভিযোগে রাজধানীর উত্তরায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণা অনুযায়ী বিএনএস সেন্টারের সামনে সমবেত হন। এরপর তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্র ত্রুটিপূর্ণ ছিল বলেও তারা দাবি করেন। তাদের প্রধান তিন দফা দাবি হলো: ১. দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত রাখা। ২. বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা। ৩. শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।

এর আগে মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কেবল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা জলাবদ্ধতার কারণে স্থগিত করা হয়েছে। বাকি সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও এই সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।