চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে মো. মিজানুর রহমান (৬১) নামে একজনকে আটক করা হয়েছে।

আটক মো. মিজানুর রহমান (৬১) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সোলেমান মোল্লার ছেলে।

বুধবার ১৫ জুলাই দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের কাছে গোপন তথ্য আসে যে, দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং সীমান্ত এলাকায় একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে সন্দেহভাজন মো. মিজানুর রহমানকে থামায় বিজিবির টহল দল। স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার বিষয়টি স্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং একটি ডায়াং মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল দামুড়হুদা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।