সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও করপোরেট গভর্ন্যান্স বিশেষজ্ঞ ড. মো. খান সুবায়েল বিন রফিক।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

ড. সুবায়েল একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক, যাঁর ৮৫টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের মূল্যায়নে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পান তিনি। যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রকৌশলে পিএইচডি ডিগ্রিধারী ড. সুবায়েল বর্তমানে ‘জুলাই রেভল্যুশন মেমোরিয়াল মিউজিয়াম’-এর বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, দেশের সংকটগ্রস্ত ৫টি শরিয়াহভিত্তিক ব্যাংক— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্প্রতি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করছে।