গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক নারী বন্দি দেয়াল টপকে পালানোর ঘটনায় দুইজন মেট্রন ও পাঁচজন মহিলা কারারক্ষীসহ মোট সাতজনকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন— মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা, রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় প্রতিবেদনের ভিত্তিতে গতকাল তাদের বরখাস্ত করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় গতকাল শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!