যশোরের অভয়নগরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে অভয়নগর থানা পুলিশ। এর আগে শুক্রবার (১৭ জুলাই) রাতে ভুক্তভোগীর প্রেমিক বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে মামলাটি দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন—আরজান গাজী (৩০), হাসান মোড়ল (৩৮), সাজ্জাদ সরদার (৩৮), সাজিদ হোসেন (২৪), মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) এবং শফিক মোল্যা (৪৪)। তারা সবাই অভয়নগর উপজেলার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বাদী তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইকে করে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। ওই সময় অভিযুক্তরা ইজিবাইক থামিয়ে বাদীর ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে প্রেমিকা ও ইজিবাইকটি ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীরা বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এরপর শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্তরা ওই কিশোরীকে ধর্ষণ করে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগের মামলায় নামীয় ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!