সারাদেশে আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির নতুন নির্দেশনা দিয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। ইপিআই বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
যাদের পুনরায় টিকা নেওয়ার প্রয়োজন নেই: নতুন নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিশু ২০২৫ সালে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে অংশ নিয়েছিল এবং ইতিমধ্যে এক ডোজ টিকা গ্রহণ করেছে, তাদের এই নতুন রুটিন কার্যক্রমে পুনরায় টিকা নেওয়ার প্রয়োজন নেই। তবে অন্যান্য সব নিয়মিত টিকা আগের নিয়ম অনুযায়ী চলমান থাকবে।
কার্যক্রমের পরিধি ও গুরুত্ব: স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সফল করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মসূচিটি বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।
সচেতনতা বৃদ্ধি: শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে। এর আওতায়—বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধি। মাইকিং ও উঠান বৈঠকের আয়োজন। অভিভাবকদের মধ্যে আন্তঃব্যক্তিক আলোচনার মাধ্যমে টিকাদানের গুরুত্ব প্রচার।
স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে এই কর্মসূচি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের তাদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!