পাবনার বেড়ার ত্রিমোহনী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর মধ্যে ইয়াবা ব্যবসার অভিযোগে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ত্রিমোহনী বাজারের তালিমনগর প্রাইমারি স্কুলের পাশে লুৎফর রহমান লুটু মেম্বারের বাসা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা চলছিল। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে লুৎফর রহমান লুটুর ছেলে মো. জনির বসতবাড়িতে আকস্মিক হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে ওই বাড়ি থেকে ইয়াবা সেবন, ব্যবহার ও পরিবহনের বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জনি স্বীকার করেন যে, তিনি গত তিন মাস ধরে ওই এলাকায় নিয়মিত ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযোগটি হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি মো. জনিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
একই অভিযানে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে সুধান হালদার ও রানা খান নামে আরও দুইজনকে আটক করা হয়। আদালত সুধান হালদারকে ৩ মাস এবং রানা খানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডিতদের রাতেই সাজা পরোয়ানাসহ জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!