আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে অনুষ্ঠিত ‘ICAO-Capped Aviation Security National Inspector Course’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ০৭ কর্মদিবসব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করেন।
এভিয়েশন নিরাপত্তা তদারকি কার্যক্রমে দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক (National Inspector) তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। উক্ত কোর্সে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আইকাও ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।
কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (বেবিচক)-এর সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত থেকে কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে সিভিল এভিয়েশন একাডেমির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের এই যথাযথ প্রশিক্ষণ প্রদান আগামীতে অনুষ্ঠিতব্য ‘ICAO Security Audit’-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!