কন্যাশিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ অক্টোবর) ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬’ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু অ্যাকাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম (এনজিসিএএফ)-এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

এ বছরের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য—‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বাল্যবিয়ে শুধু একটি বিয়ে নয়, এর ফলে কন্যাশিশুদের শৈশব থমকে যায়, শিক্ষাজীবন ব্যাহত হয় এবং সম্ভাবনার অপচয় ঘটে। এর সঙ্গে অকাল মাতৃত্ব, নানা স্বাস্থ্যঝাঁকি ও সহিংসতার আশঙ্কাও যুক্ত হয়।"

বিদ্যালয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন জগৎসহ সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, "নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কঠোর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।"

কন্যাশিশুর কল্যাণে সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, কন্যাশিশুকে বোঝা না ভেবে সম্ভাবনা হিসেবে দেখতে হবে। ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দেওয়ার পাশাপাশি ছেলেদের ছোটবেলা থেকেই মেয়েদের সম্মান করার শিক্ষা দেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে মেয়েদের বিয়ের সঞ্চয়ের আগে তাদের শিক্ষা ও কল্যাণে বিনিয়োগ করার তাগিদ দেন রাষ্ট্রপতি।

আলোচনা সভায় রাষ্ট্রপতি বাংলাদেশের নারী ফুটবল দলের আন্তর্জাতিক সাফল্য ও নিশাত মজুমদারের এভারেস্ট জয়সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রগতির প্রশংসা করেন। নারী শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বেগম খালেদা জিয়ার যুগান্তকারী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, "তিনি নারীদের জন্য শিক্ষাবৃত্তি ও বিনা বেতনে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছিলেন।" এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী নারীর নিরাপত্তা ও উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

কন্যাশিশুদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি তাদের উদ্দেশ্যে বলেন, "নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, শিক্ষাকে আঁকড়ে ধরতে হবে এবং অন্যায় ও নির্যাতনের শিকার হলে তা শিক্ষক, অভিভাবক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।