কখনো না ঘুমানো শহর হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঝলমলে রাতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন ঢাকাই শোবিজের চার তারকা—নির্মাতা রায়হান রাফী এবং অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা।

গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তারা। জমকালো এই আয়োজনে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার অর্জন করেন। পরে সেই অর্জিত পুরস্কারের ট্রফি হাতে নিয়ে রাতের নিউইয়র্কের উন্মুক্ত শহরে ক্যামেরাবন্দী হন এই তারকারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারা। অভিনেত্রী সামিরা খান মাহি তাঁর পোস্টে লিখেছেন, "নিউ ইয়র্ক সিটির এক রাত। অর্জন, বন্ধুত্ব আর দারুণ কিছু স্মৃতির উদযাপন। ভিন্ন শহরে পুরস্কার পাওয়া এবং তা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া সত্যিই বিশেষ কিছু।"

অন্যদিকে তমা মির্জা লিখেছেন, "বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক, আমাদের একসঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ, পুরস্কার গ্রহণ আর নিজেদের অর্জনকে একসঙ্গে উদযাপন করা। বন্ধুদের সঙ্গে এই সুন্দর মুহূর্ত ভাগাভাগি করতে পেরে আমি কৃতজ্ঞ।"

উল্লেখ্য, দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলাকে প্রায়ই ঢাকার বিভিন্ন আড্ডা ও সামাজিক মাধ্যমে একসঙ্গে দেখা যায়। এছাড়া নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ইতিপূর্বে সফল কিছু প্রজেক্টে কাজ করেছেন তমা মির্জা।