রাজধানীর তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের দিয়াবাড়ী সার্বজনীন পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বস্ত্র ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।

তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. চাঁনমিয়া বেপারী উক্ত পূজা মণ্ডপে উপস্থিত হয়ে ভক্তদের মাঝে পূজা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন এবং পূজার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

দিয়াবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি পরিতোষ সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বুলু। এছাড়া তুরাগ থানা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উদযাপিত এ ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।