আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সরকারি কোনো হস্তক্ষেপ করা হবে না উল্লেখ করে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে— এমন প্রার্থী বাছাইয়ের ওপর জোর দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দলের নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করা, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানো এবং সরকারের উন্নয়ন ও ভালো কাজগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার কড়া বার্তা দিয়েছেন।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে আয়োজিত বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা প্রদান করেন। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৪০০ নেতা-কর্মী অংশ নেন।
সভায় উপস্থিত একাধিক নেতার সূত্রে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচনে জয় পেতে হলে দলীয় পরিচয়ের চেয়েও প্রার্থীর নিজস্ব জনসমর্থন ও ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দলীয় অভ্যন্তরীণ বিভেদ দূরে ঠেলে ঐক্যবদ্ধভাবে এলাকার সৎ ও দক্ষ প্রার্থী নির্ধারণের তাগিদ দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার বিগত সরকারের মতো ভোটে হস্তক্ষেপ করবে না, তাই বিজয়ী হওয়ার মতো যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিতে হবে।
পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তারেক রহমান সতর্ক করে বলেন, দলীয় পরিচয়ে কেউ কোনো অপরাধে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর ও রাজশাহী সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রথমে নগরের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনের পর তিনি এই সাংগঠনিক সভায় অংশ নেন এবং গভীর রাতে চট্টগ্রাম ত্যাগ করেন।