মাছ ধরার নৌকা ব্যবহার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিসাইল, আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালান করছে বলে দাবি করেছে সৌদি সমর্থিত সামরিক জোট। এই পরিস্থিতিতে হুথি বিদ্রোহীদের কোনো ধরনের সহযোগিতা না করার জন্য স্থানীয় নৌকার মালিকদের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে জোটের জয়েন্ট ফোর্স কমান্ড।

গত সোমবার (১৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সৌদি জোটের জয়েন্ট ফোর্স কমান্ড জানায়, সমুদ্রপথে মূলত চার ধরনের নৌকা ব্যবহার করে এসব অস্ত্র চোরাচালান করা হচ্ছে। তাদের মতে, এসব অবৈধ তৎপরতা সরাসরি ইয়েমেনের অভ্যন্তরীণ নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা এবং সাধারণ ইয়েমেনিদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। সেই সঙ্গে নৌকার মালিকদের সতর্ক করে দিয়ে তাদের সম্পদ হুথি সন্ত্রাসীদের হাতে ব্যবহার হতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী আঞ্চলিক পরাশক্তির কাছ থেকে হুথিরা এসব আধুনিক প্রযুক্তির অস্ত্র পাচ্ছে। এসব অস্ত্র ইয়েমেনের ভূগর্ভস্থ সুড়ঙ্গ, পাহাড় ও বিভিন্ন গোপন অবকাঠামোয় লুকিয়ে রেখে তারা ব্যবহার করছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়ালস্ট্রিট জার্নাল’-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ইরান হুথি বিদ্রোহীদের সাহায্য করতে যাত্রীবাহী বিমান, সাবমেরিন এবং মাছ ধরার নৌকার মাধ্যমে নিয়মিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে।