রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় এজাহারনামীয় দুই আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি-২। শুক্রবার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার ও বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. পলাশ (২৮) ও তোতা মিয়া ওরফে রাব্বি (২২) নামের এই দুই আসামিকে আটক করা হয়। এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মোহাম্মদপুর এলাকায় দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ছিনতাই, সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের অভিযোগে এই গ্রুপের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এর আগে ২৩ অক্টোবর মিঠু মিয়া নামে উক্ত গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এই মামলাটি করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তোতা মিয়ার বিরুদ্ধে হাজারীবাগ থানায় দাঙ্গা ও হত্যাচেষ্টাসহ একটি এবং পলাশের বিরুদ্ধে ধানমন্ডি ও হাজারীবাগ থানায় হত্যাচেষ্টা ও দস্যুতাসহ একাধিক মামলা ও ডায়েরি রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্য পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।