রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযানে ৮৪ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক—পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "এখানে কার কী পরিচয়, সেটা আমরা দেখবো না।"

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ব্যবস্থা নেওয়া হয়েছে, ওনাকে সংযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং চালু হবে। আমরা আইনানুগ সব প্রক্রিয়া অবলম্বন করব।"

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের 'মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার' শাখায় কর্মরত ছিলেন। ভাটারার ওই বাড়িতে অভিযানের পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটেরা সেটিকে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছিলেন।

উল্লেখ্য, এর আগে গত সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল ভাটারা এলাকার ওই তিনতলা বাড়িতে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন চলছিল। অভিযানে বাড়িটি থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের সরঞ্জামসহ মোট ৮৪ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ২৬ জন নারী ছিলেন।