রাজধানীর উত্তরায় মাদক বিক্রির প্রতিবাদ করায় আব্দুল্লাহ আল মাহমুদ (৪৩) নামের এক সাংবাদিককে ছুরিকাঘাত করেছে মাদক বিক্রেতারা।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর উত্তরা ৮ নম্বর সেক্টরের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মাহমুদ ‘মুক্তমন’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত সাংবাদিক মাহমুদ জানান, ওই এলাকায় এক মাদক বিক্রেতা তাঁকে মাদক বিক্রির প্রস্তাব দিলে তিনি বিষয়টি বুঝতে পেরে দ্রুত ওই ব্যক্তির হাত ধরে ফেলেন। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাঁর কাছ থেকে গাঁজা, নগদ ২ হাজার ১০০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ওই মাদক বিক্রেতা কোমরে লুকিয়ে রাখা সুইচ গিয়ার ছুরি দিয়ে সাংবাদিক মাহমুদকে আঘাত করে দ্রুত পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে উত্তরা পূর্ব ও দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা গাঁজা, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিজেদের হেফাজতে নেয়।

ঘটনাস্থলে উপস্থিত উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আমির খসরু জানান, ভিডিও ফুটেজ দেখে অতি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই এলাকার মাদকের আস্তানা নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এই হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক সমাজ হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের জোরালো দাবি জানিয়েছেন।