সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে পৌঁছানোর পর তাঁদের নিজ গ্রামে নেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় মরদেহ দুটি পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয় ইউপি সদস্য রইচ উদ্দিন জানান, শনিবার সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহ দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নিহত দুজন হলেন—নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের সাব্বির হোসেন। শনিবারই খাজুরা কেন্দ্রীয় গোরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে নিহত অপর ৫ জন শ্রমিকের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি শ্রমিক মারা যান। ঘটনার পর গত ২৭ আগস্ট প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে পাঠানো হয়েছিল। বাকি ৭ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকতা শেষে শনিবার তাঁদের মরদেহ দেশে আনা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির কোনো দাবি বা প্রয়োজন থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।