সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকের ভিডিও দেখে বাড়িতে ইয়াবা ট্যাবলেট তৈরির চেষ্টার অভিযোগে গাজীপুরের টঙ্গীতে নাজমুল ইসলাম বাপ্পী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার আলেকটেক এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ল্যাবরেটরিতে ব্যবহৃত সরঞ্জাম, ইয়াবাসদৃশ ৪৫টি ট্যাবলেট এবং ইয়াবা তৈরির নিয়ম, পরিমাপ ও প্রক্রিয়া লেখা একটি খাতা জব্দ করা হয়েছে। পুলিশের জব্দতালিকা সূত্রে জানা যায়, অভিযানে অ্যামোনিয়া সলিউশন, ডাইক্লোরোমিথেন, অ্যাসিটিক অ্যাসিড, টলুইন, এন-বিউটাইলঅ্যামিন, নাইট্রোইথেন, অ্যাসিটোন, মিথানল, আইসোপ্রোপানল, ইথানলসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।
এ ছাড়া সোডিয়াম বাইকার্বোনেট, পটাশিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বোনেট, ম্যাগনেশিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম নাইট্রেট, সিলিকা জেল, ল্যাকটোজ ও লিডোকেইনসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।
অভিযানে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত বলে উল্লেখ করা হয়েছে এমন ১৩টি কাচের সরঞ্জাম, রাসায়নিক পরিমাপের ১১টি যন্ত্র, দুটি মেজারিং সিলিন্ডার, একটি ড্রপিং ফানেল, একটি হিটিং মেটাল সেটআপ মেশিন, ফিল্টারেশন সেটআপ, ডেনস্টার্ক ট্র্যাপ, ভ্যাকুয়াম পাম্প, পানির পাম্প, মেটাল ব্লেড প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ছাড়া ইয়াবা ট্যাবলেট শুকানোর কাজে ব্যবহৃত একটি ফিল্টার, মলিকুলার সিভ, পিএইচ পেপার এবং কফি মিশ্রিত তরল পদার্থ ভর্তি একটি কাচের বোতলও জব্দতালিকায় রয়েছে। অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে পাওয়া যায় সবুজ মলাটের একটি খাতা। পুলিশের জব্দতালিকা অনুযায়ী, ওই খাতার ভেতরে ইয়াবা তৈরির নিয়ম, পরিমাপ, প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের দাহ্য পদার্থের নাম লেখা ছিল।
পাশাপাশি ইয়াবাসদৃশ ৪৫টি কথিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে ইয়াবা তৈরির পদ্ধতি শেখার চেষ্টা করার বিষয়টি সামনে এসেছে বলে জানা গেছে। তবে উদ্ধার করা ট্যাবলেটগুলো প্রকৃত ইয়াবা কি না এবং জব্দ করা রাসায়নিক পদার্থ দিয়ে মাদক উৎপাদন করা হয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।