ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীনকে মিষ্টিমুখ করানোর ঠিক পরদিনই নির্বাচনে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে প্রদর্শিত ব্যানারে নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট জালিয়াতি, নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-তাণ্ডব এবং নির্বাচনী এজেন্ট ও কর্মীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভকালে নেতাকর্মীরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নানা স্লোগান দেন।

উল্লেখ্য, বিজয়ী প্রার্থীকে অভিবাদন জানানোর পরদিনই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমন গুরুতর অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।