স্বৈরাচারী হাসিনা সরকারের পতন আন্দোলনে অসামান্য সাহস ও অবিচল ভূমিকা রাখা কারাবরণকারী বীর নেতাকর্মীদের সম্মাননা ও স্মারক প্রদান করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু গত আন্দোলন-সংগ্রামে জেল জুলুম ও নির্যাতনের শিকার সাহসী সংগ্রামীদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলাউদ্দিন সরকার টিপু বলেন, "আন্দোলন-সংগ্রামে হামলা, মামলা ও কারাবরণ করে যারা রাজপথের আন্দোলনকে টিকিয়ে রেখেছিলেন, সেই বীর সেনানিদের আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। স্বৈরাচারপতনের এই ঐতিহাসিক বিজয়ে কারাবরণকারী নেতাকর্মীদের অবদান অবিস্মরণীয়।"
এ সময় সংবর্ধিত ও স্মারকপ্রাপ্ত বীরদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: জামাল খলিফা, সভাপতি, ইরশাদ কলোনি ইউনিট, বিমানবন্দর থানা বিএনপি। মো: রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক, শ্রমিক দল (সাংগঠনিক ওয়ার্ড), বিমানবন্দর থানা।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে চলা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এই বীরেরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে লড়াই করেছেন এবং বহুবার কারাবরণ করেছেন। তাদের এই ত্যাগ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে প্রশস্ত করেছে। আগামী দিনেও দেশ এবং দলের যেকোনো সংকটে এই বীরেরা একইভাবে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কারাবরণকারী বীরদের উত্তরীয় পরিয়ে ও স্মারক সম্মাননা হাতে তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।