দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম হওয়ায় দ্রুত নিয়োগের পাশাপাশি টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা অতি জরুরি।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বার্ষিক বৈজ্ঞানিক কনফারেন্স ও এজিএম-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হলেও পরিচালনার জন্য দক্ষ জনবল না থাকলে আধুনিক প্রযুক্তি কোনো কাজে আসবে না। অতীতে কেনা অনেক যন্ত্রপাতি এখনও বাক্সবন্দি বা অব্যবহৃত পড়ে রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও জেলা সদরের হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি দরিদ্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকার হিসেবে যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি উপযুক্ত জাতীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার এবং চিকিৎসকদের আরও মানবিক ও আন্তরিক হওয়ার আহ্বান জানান। বক্তব্যে তিনি চিকিৎসা খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন এবং সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. মাজহারুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।