ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে শপথের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল।

অন্যদিকে, সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন গত সোমবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।