ঢাকা: পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়, বরং সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬’-এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এ সময় সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবি-দাওয়া নেই। শ্রমিকদের প্রধান দাবি ছিল তিন বছর পর-পর নতুন মজুরি বোর্ড গঠন করা, যার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে বিচারকের নেতৃত্বে গঠিত এই বোর্ড কাজ করছে। এরপরও একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তিনি আরও উল্লেখ করেন, তদন্তে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের আমলের কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি এর পেছনে কাজ করছে। সাধারণ শ্রমিকরা এসব সহিংসতায় জড়িত নয়, বরং বহিরাগতদের ব্যবহার করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার’ কঠোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চরম সংযম দেখাচ্ছেন। তবে অপরাধী চক্র ও মাফিয়াদের কোনো ছাড় দেওয়া হবে না।

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।