যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের ৯৭তম জন্মদিনের পার্টিতে নাচ-গান ও আনন্দ উদযাপনের মধ্যেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ভিটো নামের এক বৃদ্ধ।

প্রতিবেশী এডেন মেলিনোফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই মর্মান্তিক ও নাটকীয় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত সপ্তাহে ভিটো তাঁর জন্মদিন উপলক্ষে হ্যালোইনের আদলে একটি পার্টির আয়োজন করেছিলেন। মৃত্যুর ঠিক আগমুহূর্তেও প্রতিবেশীর সঙ্গে তিনি দীর্ঘদিন বেঁচে থাকার রহস্য নিয়ে কথা বলেছিলেন। এত দীর্ঘায়ুর রহস্য কী—এমন প্রশ্নের জবাবে ভিটো রসিকতা করে বলেছিলেন, কেউ দীর্ঘদিন বাঁচতে চাইলে যেন কখনো ‘কমদামী মদ’ না খায়।

পার্টিতে আসা আমন্ত্রিত অতিথিরা যখন সমস্বরে তাঁর জন্য ‘শুভ জন্মদিন’ গানটি গাইছিলেন, ঠিক তখনই হঠাৎ মাটিতে পড়ে মারা যান তিনি। ওই সময় ভিটো কোনো মদ পান করেননি এবং চিকিৎসকদের মতে এটি স্বাভাবিক বা প্রাকৃতিক মৃত্যু ছিল।

প্রতিবেশী এডেন মেলিনোফ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে রাতটি সেভাবে শেষ হয়নি। তবে ভিটো যেন এক নাটকীয় কায়দায় বিদায় নিলেন। আমার মনে হয়, তাঁকে জিজ্ঞেস করলে তিনি এমনভাবেই চলে যেতে পছন্দ করতেন। মৃত্যুর সময় তাঁর চারপাশে তাঁর ভালোবাসার মানুষগুলো ছিলেন। আমরা তাঁর বর্ণাঢ্য জীবনটা উদযাপন করছিলাম এবং আমি এর অংশ হতে পেরে গর্বিত।”

এদিকে মৃত্যুর আগে জন্মদিনের পার্টিতে ভিটোর নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ৯৭ বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি বার্ধক্যের ভারে কাবু না হয়ে বেশ ফুরফুরে মেজাজে আনন্দ উপভোগ করছিলেন।