গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে রাজু (৩০) নামের এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগারের ভেতর এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কারাগারের শৌচাগারের ভেতরে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। টের পেয়ে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় দ্রুত উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।