সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতের সরকারি ছুটি থাকায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিল। একই সঙ্গে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও অব্যাহত ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। এ বিষয়ে তারা আগেই চিঠির মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীদের অবহিত করেছেন। তবে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে বেনাপোলের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগেই জানানো হয়েছে।
বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার। ভারত থেকে আমদানিকৃত পণ্যের বড় একটি অংশ এ বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ১০০ ট্রাক পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
এদিকে এর আগে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেও পণ্য পরিবহন বন্ধ থাকে। ফলে একের পর এক ছুটিতে বেনাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি তৈরি হচ্ছে।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে বাংলাদেশ-ভারত যাতায়াত করেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভারতের কালীপূজার ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। যাত্রীরা নিয়মিত প্রক্রিয়ায় যাতায়াত করেছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, দীপাবলি উপলক্ষে সোমবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কাজ চালু ছিল। আমদানি করা পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য চেকপোস্টের কার্গো শাখাও খোলা রাখা হয়েছিল। পাশাপাশি যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।